কাছের মানুষই শত্রু, এটা আমি বুঝেছি : ফারুক আহমেদ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

শোবিজ তারকাদের জন্য অনুসারীদের কাছাকাছি থাকার অন্যতম মাধ্যম সামাজিক মাধ্যম। বিশেষ করে ফেসবুকে পেশাগত কাজের তথ্য দেওয়ার পাশাপাশি ফলোয়ারদের মতামত জানা যায়। ফলে নিজেদের পেজ ও আইডির প্রতি বিশেষ খেয়াল রাখেন তারা। জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদও এর ব্যতিক্রম নন। নিজের ফেসবুকে বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই লাইভে আসেন। অভিনয়জীবনের বিভিন্ন গল্প বলে থাকেন। আজ ১৫ এপ্রিল তার আড়াই লাখ অনুসারী হয়েছে ফেসবুকে।

এমন মন ভালো করা খবরের সঙ্গে শুনিয়েছেন মন খারাপ করা ঘটনাও। জানিয়েছেন তার দীর্ঘদিনের ফেসবুক পেজ হারানোর ঘটনা। পরিচিতজনদের কেউ মেটায় অভিযোগ জানিয়ে পেজটি বাতিল করেছে বলে অভিযোগ অভিনেতার।

নিজের ফেসবুক এখন আড়াই লাখ অনুসারী সমৃদ্ধ। উল্লেখ করে ফারুক আহমেদ লিখেছেন, ‘বছর দেড়েক আগে আমার ফেইসবুক প্রোফাইল ও পেজ আমার পরিচিত একজন মেটাতে অভিযোগ করে বন্ধ করে দেয়। যে বা যারা এই কাজটি করেছে তারা আমার পরিচিতজন। কী কারণে অভিযোগ করেছে তা-ও আমি জানি। আমি তাদের কিছুই বলিনি এবং বুঝতেও দেইনি যে পুরো ব্যাপারটা কে বা কারা করেছে? কেনো করেছে তা-ও আমি জানি।’ এরপর লেখেন, ‘কয়েক মাস আগে আমি এই নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি। আমার বিশ্বাস ছিল দেশের মানুষ আমাকে ভালোবাসে। মাত্র কয়েক মাসের মধ্যে আমার এই নতুন প্রোফাইলে আজ সকাল পর্যন্ত ২,৫০০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) ফলোয়ার যুক্ত হয়েছেন।’ অভিনেতার কথায়, ‘যারা আমাকে ভালোবাসেন অথচ এখনও আমার ফলোয়ার হন নাই তাদের কাছে অনুরোধ আমার ফলোয়ার হন। যে বা যারা আমার আগের ফেইসবুক প্রোফাইলটি বন্ধ করার কাজটি করেছিলেন তাদেরকেও ধন্যবাদ।’