জুটি বেঁধেছেন তৌসিফ ও স্পর্শিয়া

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। প্রায় এক দশক পর একটি একক নাটকে জুটি বেঁধেছেন এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তৌসিফ-স্পর্শিয়া। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল বেশ গভীর। তবে ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ সংক্ষিপ্ত উপস্থিতির মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যায় তাদের। এবার পূর্ণাঙ্গভাবে একক নাটকে জুটি বাঁধলেন দুই তারকা। নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসেন রাখি। অবশ্য এখনও নাটকের নাম চূড়ান্ত হয়নি।

নির্মাতা জানিয়েছেন, একটি প্রেমের গল্প ঘিরেই এগিয়েছে এর চিত্রনাট্য। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রচারের লক্ষ্যেই নাটকটির শুটিং চলছে।

দীর্ঘদিন পর তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। শুরুতে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। পরে আমি কিছু সময় নাটকে অনিয়মিত ছিলাম, তাই একসঙ্গে কাজ হয়নি। এখন আবার ফিরে এসে একসঙ্গে কাজ করছি। ভীষণ ভালো লাগছে। এতদিন পরও আমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং আমরা আরও প্রফেশনাল হয়েছি।’

অন্যদিকে তৌসিফ মাহবুব বলেন, ‘অনেক দিন পর স্পর্শিয়ার সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে। আমরা শুধু সহশিল্পী নই, ক্যামেরার বাইরেও ভালো বন্ধু, এটাই আমাদের কাজকে সহজ করে দেয়।’ দীর্ঘ ১০ বছর পর প্রিয় এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরাও।