জয়া আহসানের অভিনয় আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে : লাবণ্য
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

প্রথম শ্রেণিতে পড়াকালীন একটি খাদ্যপণ্যের বিজ্ঞাপন দিয়ে তার অভিনয়জীবন শুরু। দেখতে দেখতে এক যুগেরও বেশি সময়ের অভিনয়যাত্রা, তবে বর্তমান সময়ে পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ছে দর্শকদের। বলছি, মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরীর কথা। ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চরিত্রের গভীরতাও। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ‘রুবি’ চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। সিনেমাটির গল্পের ভেতরে রয়েছে যাত্রা, মানুষের সম্পর্ক এবং অদেখা আবেগের নানা স্তর। রুবি চরিত্রটি এক বিশেষ কারণে রাজশাহীগামী ট্রেনে ওঠে, এই যাত্রাই তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। লাবণ্য নিজের অভিনয়ে রুবির ভেতরের দ্বিধা, সংকট ও দৃঢ়তাকে এমনভাবে তুলে ধরেছেন, যা দর্শকদের সহজেই স্পর্শ করে। লাবণ্য এই ছবিতে যুক্ত হওয়ার গল্পটাও বেশ চমকপ্রদ। শুরুতে শুধুই আগ্রহ ছিল, কিন্তু অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেই তিনি জায়গা করে নিয়েছেন এই তারকাবহুল প্রজেক্টে। এত বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করার চাপ থাকলেও তিনি এটিকে শেখার সুযোগ হিসেবেই দেখেছেন। এই মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করে। এর আগে ‘কৃষ্ণপক্ষ’, ‘দেবী’ কিংবা ‘মা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে লাবণ্য তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। ‘দেবী’ সিনেমায় জয়ার ছোটবেলার চরিত্রে আর কৃষ্ণপক্ষে প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য। এ তারকাশিল্পীর অভিনয় তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।
তিনি জানান, জয়া আহসানের অভিনয় তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণাই তাকে প্রতিনিয়ত ভালো কাজ করার সাহস জোগায়। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও তার এগিয়ে যাওয়ার শক্তি। ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবির চরিত্রটি লাবণ্যের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। অভিনয় নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে লাবণ্য বলেন, ‘মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই।
সিনেমায় সবসময় যে নায়িকা হতে হবে তা মনে করি না। তবে একজন সুঅভিনেত্রী হতে চাই; যে কিনা সব ধরনের চরিত্রে অভিনয়ে পারদর্শী। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছি। চেষ্টা করেছি রুবি চরিত্রটি ফুটিয়ে তুলতে। সামনে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে।’
নাটকে কাজ করলে এখন সিনেমায়ই মনোযোগী। নানা নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও তার দেখা মিলছে। আসছে ঈদুল আজহায় হইচইয়ে মুক্তি পাবে তার ওয়েব সিনেমা ‘হেডলাইন’। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ এ অভিনেত্রী। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন লাবণ্য। অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠা দেখে অনেকেই মনে করছেন, তিনি এই অঙ্গনেই নিজের শক্ত অবস্থান তৈরি করবেন।
