পরকীয়া ও প্রতিশোধের গল্পে এলো ‘পাপ কাহিনী-২’

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী টু’। নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৩টায় সিরিজটির প্রথম পর্ব উন্মুক্ত করা হয়, যা দর্শকদের জন্য প্রিমিয়াম কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে। নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের নির্মিত এই সিরিজটি চারটি আলাদা গল্প নিয়ে সাজানো হয়েছে। তিনি জানান, প্রতিটি গল্পেই সমাজ ও ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে, যেখানে সম্পর্ক, লোভ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনী। সিরিজের প্রথম পর্বে মূলত মিডিয়া ও গ্ল্যামার জগতের আড়ালের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখানো হয়েছে, বাহ্যিক চাকচিক্যের আড়ালে ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত জীবনের জটিল দ্বন্দ্ব কীভাবে চরিত্রগুলোর জীবনকে প্রভাবিত করে।

নির্মাতাদের মতে, ‘পাপ কাহিনী টু’ শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং মানুষের ভেতরের অন্ধকার দিক এবং সামাজিক বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরার একটি প্রয়াস। প্রতিটি পর্বে আলাদা গল্প থাকলেও সবগুলোর মধ্যে একটি সাধারণ থিম হিসেবে মানবিক সম্পর্কের ভাঙন ও টানাপোড়েনকে কেন্দ্র করা হয়েছে।