আমেরিকায় কেমন চলছে দম

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে দর্শকদের প্রবল চাহিদার কারণে ছবিটি এরইমধ্যে সাফল্যের সঙ্গে তিন সপ্তাহ ধরে চলছে। বলা যায়, প্রবাসী দর্শকদের এই অভাবনীয় সাড়া ছবিটির আন্তর্জাতিক সাফল্যে নতুন এক মাত্রা যোগ করেছে।

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এক ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘দম’-এর বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, অনেক প্রতিকূলতার ভেতরও আমরা ‘দম’ আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি দেখে ভালো লাগছে। আরও ভালো লাগছে আপনারা সাড়া দিয়েছেন। নিউ ইয়র্ক, টরন্টো, সান ফ্রান্সিসকোতে ‘দম’ ৩য় সপ্তাহে গড়িয়েছে।

রাজ হামিদ আরও জানান, অন্যান্য শহরেও ছবিটির সাফল্য অব্যাহত রয়েছে। আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে ‘দম’। ৩ মে বিকাল ৪টা ৩০ মিনিটে ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘বাংলা ইভেন্টস’-এর তত্ত্বাবধানে এই প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে। এছাড়া সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতেও এককালীন শোর পরিকল্পনা করা হয়েছে।

এবারই প্রথম সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতে প্রবেশ করছে কোনো বাংলাদেশি সিনেমা। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের দর্শকদের কথা বিবেচনা করে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকা এবং পিটার্সবার্গের মায়া সিনেমাসেও আগামী শুক্রবার থেকে ‘দম’ প্রদর্শিত হবে।