
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। গত রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে জমকালো এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ আসরে বিজয়ের স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং দুই সন্তান জেসন ও ধিভ্যাকে দেখা যায়নি। অন্যদিকে, নীল কাঞ্জিভরম শাড়ি ও জুঁই ফুলের মালায় সেজে প্রথম সারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান। অনুষ্ঠান শেষে বিজয়কে অভিনন্দন জানিয়ে তৃষা বলেন, অভিনন্দন বিজয়, আমি খুব খুশি। এ সময় তিনি বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও কুশল বিনিময় করেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং তৃষার সরব উপস্থিতি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে।