আসলেই কি ক্রিকেটারের প্রেমে মজেছেন শ্রীলীলা
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে শোবিজে নিজের ভিত শক্ত করেছেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভারতীয় তরুণ ক্রিকেটার তিলক বর্মার সাথে তার প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অবশ্য শ্রীলীলার ঘনিষ্ঠ সূত্র এ দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। শ্রীলীলা এবং তিলক বর্মার মধ্যে কোনো সম্পর্ক নেই উল্লেখ করে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া গুজবের কোনো সত্যতা নেই। ওই সূত্রের দাবি, অভিনেত্রী এবং ক্রিকেটারের মধ্যে কখনও কোনো সাধারণ কথাবার্তা বা দেখাও হয়নি। তারা দুজনে সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। তাদের দুজনকে জড়িয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। একই সঙ্গে কোনো তথ্যপ্রমাণ ছাড়া এমন মনগড়া গল্প ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে তারা। এদিকে গত বছরের ডিসেম্বরে বৈকুণ্ঠ একাদশীর সময় শ্রীলীলা তার মায়ের সাথে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন, আর কাকতালীয়ভাবে একই সময়ে তিলক বর্মাও তার পরিবারের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি আইপিএল ম্যাচ চলাকালীন শ্রীলীলার মা ড. স্বর্ণলতাকে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের সাথে কথা বলতে দেখা গেছে বলে দাবি করা হয়, যা এই গুজবকে আরও উসকে দেয়। এর আগেও একাধিক নায়কের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে গুঞ্জন নিয়ে কখনও মুখ খোলেননি এ অভিনেত্রী। সম্প্রতি হরিশ শঙ্করের পরিচালনায় পবন কল্যাণের বিপরীতে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমায় অভিনয় করেছেন শ্রীলীলা।
