রুনা লায়লা-পরীমনি-নিশো মাতাবেন এবারের ‘আনন্দমেলা’

প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ বিনোদনের পসরা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বরাবরের মতো এবারের ঈদের অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। গান, নাচ, কৌতুক, কুইজ আর তারকাদের জমকালো সব পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। ঈদের দিন রাত ১০টায় বিটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এবারের পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। এবারের আনন্দমেলার মঞ্চে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে শ্রোতাপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ নিয়ে নতুন রূপে হাজির হবেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। পাশাপাশি ‘কাল সারারাত ছিল স্বপ্নেরও রাত’ গানটি পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা বেবী নাজনীন; যার নৃত্য পরিচালনায় থাকছেন চাঁদনী ও শাওন। অন্যদিকে, সংগীতশিল্পী ন্যান্সি ও ইমরান মাহমুদুল মঞ্চে নিয়ে আসছেন তাদের নতুন গান ‘কৃষ্ণচূড়া’। কবির বকুলের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। নাচের পর্বে থাকছে বড় ধামাকা। ‘রূপনগরের রাজকন্যা’ থিমে একক নৃত্য পরিবেশন করবেন খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এছাড়া ‘দূর দ্বীপবাসিনী’ গানের তালে একসঙ্গে মঞ্চ কাঁপাবেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় গেম শো ও কুইজ পর্ব। ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ দর্শক অংশগ্রহণমূলক পর্বে হাজির হবেন চিত্রনায়িকা পরীমনি। আর কুইজ পর্বে মেধার লড়াইয়ে লড়বেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাসার। ঈদ আনন্দের এই আয়োজনে হাসির খোরাক জোগাতে থাকছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। সেই সঙ্গে ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়ার অভিনয় দর্শকদের বিনোদিত করবে। পাশাপাশি অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন অংশ নিয়েছেন ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ পরিবেশনায়।