একদম নতুন অবতারে দেখা হবে
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার ঘরানা বদলালেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং বারবার ছকভাঙা চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কখনও ‘রঘু ডাকাত’ সেজেছেন, আবার কখনও ‘আমাজন অভিযান’-এর অকুতোভয় শঙ্কর রায় চৌধুরী হয়ে কাঁপিয়েছেন পর্দা। বৈচিত্র্যময় চরিত্রে বরাবরই তিনি দর্শকদের চমকে দিতে ভালোবাসেন। বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এরই মাঝে হঠাৎ রাজসিংহাসনে উপবিষ্ট এক রাজার সাজে ক্যামেরায় ধরা দিলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে দেবের পরনে রয়েছে ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি, মাথায় রাজকীয় পাগড়ি আর মুখে চড়ানো মোটা গোঁফ। ছবিটির ক্যাপশনে রহস্যের জাল বুনে অভিনেতা লিখেছেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’
