চঞ্চলের ‘ভিজিটিং কার্ড’ নিয়ে মজার মন্তব্য জয়ার

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক, সিনেমা কিংবা ওটিটি-সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। গতকাল ছিল এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা।

তবে জন্মদিনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী জয়া আহসানের এক ব্যতিক্রমী ও মজার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে চঞ্চলকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এমন এক স্ট্যাটাস দেন, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে। জয়া আহসান লেখেন, ‘চঞ্চল চৌধুরীর ভিজিটিং কার্ডে আমার মতে পেশার ক্রমটা হবে- স্ট্যান্ড-আপ কমেডিয়ান, দুরন্ত ড্রাইভার, অভিনেতা।’ জয়ার এই মন্তব্য প্রকাশের পর থেকেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে বিষয়টি মজার ছলে গ্রহণ করে মন্তব্য করেছেন, আবার অনেকেই দুই তারকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করছেন।

চঞ্চল চৌধুরী সমকালীন বাংলা অভিনয়ে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। হাস্যরস, সামাজিক গল্প কিংবা সিরিয়াস চরিত্র-সব ক্ষেত্রেই তিনি সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। এরপর ‘আয়নাবাজি’, ‘দেবী’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি প্রশংসিত হয়েছে। ১৯৭৪ সালের ১ জুন পাবনা জেলার সুজানগর উপজেলার কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। গ্রামের স্কুলে পড়াশোনা শেষে রাজবাড়ী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হন তিনি।

ছোটবেলা থেকেই গান, আবৃত্তি, অভিনয় ও শিল্পচর্চার প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই যুক্ত হন মঞ্চনাটকে। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের ‘আরন্যক নাট্যদলে’র মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু। প্রথম মঞ্চ অভিষেক ঘটে ‘সুন্দরী’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

পরবর্তীতে মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘তাল পাতার সেপাই’ তাকে দর্শকের কাছে আরও পরিচিত করে তোলে। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে নিজেকে সময়ের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন চঞ্চল। তার অভিনীত ‘মনপুরা’, ‘আয়নাবাজি’, ‘দেবী’ চলচ্চিত্রগুলো দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করে। বর্তমানে তার অভিনীত ‘পাপ-পুণ্য’ সিনেমা নিয়েও চলছে আলোচনা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। জন্মদিনের বিশেষ দিনে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়া আয়োজনে সময় কাটিয়েছেন এই অভিনেতা। আর সেই বিশেষ দিনেই জয়া আহসানের মজার মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছেন চঞ্চল চৌধুরী।