দশ বছর পর সেই পরিচয়ে ফিরছেন মৌসুমী

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘ প্রায় এক দশক পর আবারও পরিচালনায় ফিরলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী। তিনি নির্মাণ করেছেন নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।

জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমাটি করোনাকালীন সময়ে নির্মাণ করেন মৌসুমী।

এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ এবং আবদুন নূর সজল।

‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। বর্তমানে সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী।

তিনি বলেন, ছবিটির কাজ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি তার মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছেন, তখন ছবির অধিকাংশ কাজ শেষ হয়েছিল। পরবর্তীতে বাকি অংশ সম্পন্ন করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।

এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। প্রায় এক দশক পর ‘বিচ্ছেদ বেদনা’ দিয়ে আবারও পরিচালক হিসেবে ফিরলেন তিনি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন মৌসুমী। ১৯৯৬ সালে ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন এই অভিনেত্রী।