‘বিশ্বাস বনাম সরদার’-এর সেঞ্চুরি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। আগামী ৭ জুন প্রচারিত হবে এর ১০০তম পর্ব। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ির যে কোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে কোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন একটা অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছ পা হয় না। তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনও তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। আর এই দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে।
দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়।
