‘বনলতা সেন’ দেখে মুগ্ধতা ছড়ালেন সংগীতশিল্পী কোনাল
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ এবার রুপালি পর্দায়। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। রুপালি পর্দায় এ সিনেমাটিকে উপজীব্য করে গল্প বুনেছেন নির্মাতা।
সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমী দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পাচ্ছেন পরিচালক। এবার সেই তালিকায় শামিল হলেন সময়ের আলোচিত জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সিনেমাটি দেখে একই সঙ্গে মুগ্ধতা এবং আফসোস প্রকাশ করেছেন এ গায়িকা। ‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কোনাল। গত শনিবার ফেসবুক পোস্টে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। গল্পে যেভাবে যিশুখ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী। এজন্য মাসুদ হাসান উজ্জ্বলকে ‘জিনিয়াস’ বলেও সম্বোধন করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার পুরো টিমকেই সাধুবাদ জানিয়েছেন কোনাল। এবং অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন- ‘বনলতা সেন’ দেশি-বিদেশি সব দর্শকের দেখা উচিত।
