অভিনয়ে অভিষেক ফুটবলার জামাল ভূঁইয়ার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার পায়ের জাদু এতোদিন মাঠেই দেখেছেন ভক্তরা। এবার চেনা গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেতা হিসেবে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। গত সোমবার রাজধানীর কলাবাগান মাঠে শুরু হয়েছে সিরিজটির দৃশ্যধারণ। এই মাঠে খেলার মাধ্যমে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন জামাল। সিরিজটিতে জামালের বিপরীতে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। ‘ব্রাজেন্টিনা’ নির্মাণ করছেন পরিচালক তারিক মুহাম্মদ হাসান। মাঠের তারকাদের ক্যামেরার সামনে আনার অভিজ্ঞতা এই নির্মাতার জন্য নতুন নয়। এর আগে তিনি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছিলেন। অভিনয়ের দুনিয়ায় পা রাখা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জামাল ভূঁইয়া জানান, কয়েক মাস ধরে কথা চললেও শুরুতে কাজটি করতে রাজি ছিলেন না। তবে নির্মাতার নাছোড়বান্দা মনোভাব এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের উৎসাহে শেষ পর্যন্ত রাজি হন। বিজ্ঞাপনে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলেও মূল ধারার অভিনয়কে বেশ চ্যালেঞ্জিং ও ভিন্ন মনে হচ্ছে তার কাছে। পেশাদার অভিনয়শিল্পীদের সাথে কাজ করাটা শুরুতে কঠিন মনে হলেও পুরো শুটিংয়ে বেশ উপভোগ করছেন তিনি। জামাল ভূঁইয়া বলেন, ‘আমাকে নির্মাতা বলেছেন, ‘আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন- এসব শুনে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছি। তার আগের কাজগুলো দেখেছি। আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন- করেন করেন।