জন্মের পর মেরে ফেলতে বলা হয় এই অভিনেত্রীকে

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

রূপের ছটা দিয়ে জিতেছেন মিস ইন্ডিয়া খেতাব। জায়গা করে নিয়েছেন বলিউডে। অথচ জন্মের পর বাড়িতে জায়গা হয়নি তার। উল্টো ভূমিষ্ঠ হওয়ার পরই বলা হয়েছিল মেরে ফেলতে। বলছিলাম বি-টাউনের অভিনেত্রী অঊজা চোপড়ার কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক রিয়েলিটি শোয়ে আসেন পূজার মা নীরা চোপড়া। সেখানেই বিষয়টি সামনে আনেন তিনি। জানান, সন্তান জন্মের আগে শ্বশুরবাড়ির ব্যবহার ভালো ছিল। কিন্তু দ্বিতীয়বার কন্যা সন্তান জন্ম দিতেই পাল্টে যায় আচরণ। পূজা তার কোল আলো করলেও বাড়ির লোকদের মুখ অন্ধকারে ঢেকে গিয়েছিল। তিনি আরও জানান, জন্মের তিন দিন কেটে গেলেও হাসপাতালে কেউ দেখতে যায়নি। বাড়ি ফিরেও শুনতে হয় কটাক্ষ। পূজার বয়স যখন ২০ দিন তখন নীরাকে স্পষ্ট বলা হয়, ‘ওকে মেরে ফেলো, না হয় অনাথ আশ্রমে দিয়ে এসো।’

নাড়ি ছেড়া ধনকে ফেলে দেওয়া সম্ভব ছিল না নীরার পক্ষে।

২১ দিনের মাথায় কোলের পূজা ও সাত বছরের কন্যাকে নিয়ে ঘর ছাড়েন তিনি। বলে আসেন, ‘একদিন এই মেয়েই আমার নাম উজ্জ্বল করবে।’ সেদিন হাতে মাত্র ৮১ রুপি নিয়ে কলকাতা থেকে মুম্বাই পাড়ি জমান তিনি। এক পাঁচ তারকা হোটেলে চাকরি নেন পুজার মা। ৯০০ টাকা বেতনে দুই মেয়েকে নিয়ে সংগ্রাম শুরু করেন। নীরার সে কষ্ট বৃথা যায়নি। আজ পূজা ও তার বোন প্রতিষ্ঠিত হয়ে উজ্জ্বল করেছেন মায়ের মুখ।