স্পাইডার ম্যানকে খুঁজছেন মেসি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
মাঠের সবুজ ঘাসে ফুটবল পায়ে ভেলকি দেখানোর পর এবার নিউইয়র্কের বহুতল ভবনের ফাঁকে স্পাইডারম্যানকে খুঁজে বেড়াচ্ছেন লিওনেল মেসি! ফুটবল বিশ্বের এই জীবন্ত কিংবদন্তি, যাকে ভক্তরা ভালোবেসে ‘গোট’ বলে ডাকেন, এবার নিজেই হাজির হয়েছেন মার্ভেলের দুনিয়ায়। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রকাশ করা মাত্র ৪০ সেকেন্ডের একটি প্রোমোশনাল ভিডিওতে দেখা গেছে এই অবিশ্বাস্য দৃশ্য। ভিডিওর শুরুতে দেখা যায়, টম হল্যান্ডের চরিত্র ‘পিটার পার্কার’ একটি কফি শপে বসে ফোনে নিজের জীবনের নানা সমস্যা নিয়ে কথা বলছেন। ঠিক তখনই নিজের ফোনের জিপিএস ট্র্যাকার ধরে সেই কফি শপে প্রবেশ করেন লিওনেল মেসি। মূলত ‘স্পাইডি’কে খুঁজতেই সেখানে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই পিটার পার্কার তার চেনা স্পাইডারম্যানের পোশাকে হাজির হন। আর ভিডিওর একদম শেষ দৃশ্যে দেখা যায়, নিউইয়র্কের আকাশ চিরে স্পাইডারম্যানের সাথে জাল ধরে দুলছেন স্বয়ং মেসি! আসন্ন ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
