পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ডেটিং করার পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল রোববার মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আমিরের আগের সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আমিরের একজন মুখপাত্র এই দম্পতির বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই আমিরের বাসভবনে এসে পৌঁছান তার দুই সন্তান ইরা খান ও জুনায়েদ খান। এছাড়া আমিরের দীর্ঘদিনের বন্ধু তথা বিখ্যাত ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকরকে আমিরের বাড়ির ভেতরে যেতে দেখা যায়। তারকাদের মধ্যে অভিনেতা এলি আব্রাম, ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিক রাজ ঠাকরে এবং কমেডিয়ান-অভিনেতা বীর দাসকেও এই উৎসবে যোগ দিতে দেখা গেছে।