বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি দর্শকের টানটান উত্তেজনা। তবে এবার মাঠের সেই উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে হাজির হচ্ছেন একঝাঁক বিশ্বসেরা সংগীত তারকা। ফুটবল ও সংগীতের এক অভূতপূর্ব মেলবন্ধনে এবার রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। আর সেই ঐতিহাসিক আয়োজনের কথাই আনন্দের সঙ্গে সবাইকে জানালেন কলম্বিয়ান পপ সাম্রাজ্ঞী শাকিরা। সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের এই হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, পপ আইকন ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।

আসন্ন এই জমকালো পারফরম্যান্স নিয়ে শাকিরা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি, আর এখন ফাইনালেও গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’ আয়োজনের বিশালতা নিয়ে ইঙ্গিত দিয়ে এই পপ তারকা আরও বলেন, ‘এটি একটি যৌথ হাফটাইম শো হতে যাচ্ছে... এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন অসাধারণ শিল্পী থাকছেন এখানে। আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে ম্যাডোনা থাকবেন, বিটিএস, বিবার এবং কোল্ডপ্লে। আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে তা ঠিক করব। তবে সত্যি বলতে, আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতুহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতুহল কাজ করছে, আমার মনেও ঠিক ততটাই।’ ফিফা এবং গ্লোবাল সিটিজেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ মিনিটের এই মেগা ইভেন্টটি কিউরেট করবেন ক্রিস মার্টিন। যেখানে আগে থেকেই নির্ধারিত থাকা বিটিএস, শাকিরা এবং ম্যাদোনার সঙ্গে সহ-হেডলাইনার হিসেবে যোগ দিচ্ছেন জাস্টিন বিবার।