শিল্পকলায় রুনা লায়লার গানের সন্ধ্যা ১৮ জুলাই
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি। শিল্পকলা একাডেমির ধারাবাহিক বিশেষ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানের বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পারিবারিক কাজে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই এ বিশেষ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, অনুষ্ঠানে ছয় দশকেরও বেশি সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন এ বরেণ্য শিল্পী। তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের আলোচিত গানগুলোই থাকবে পরিবেশনার তালিকায়। গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠছেন রুনা লায়লা।
