প্রথমবার একসঙ্গে আরিফিন শুভ-কেয়া পায়েল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাদের। এ ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। অন্যদিকে চরকির কোনো কনটেন্টে প্রথমবার যুক্ত হয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। মিনিস্ট্রি অফ লাভের (এমওএল) ব্যানারে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে যাচ্ছে সপ্তম ফিল্ম এবং এর সহ-প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে এ কনটেন্টে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। জাহিদ প্রীতম বলেন, কাছাকাছি সময়ের দুটি সময়ের মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার একটা প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে।
গল্পের কারণেই প্রজেক্টটির সঙ্গে সহ-প্রযোজনায় যুক্ত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, ভাবনার ভিন্নতার কারণে দুইজন মানুষের যে দ্বন্দ্ব, খুনসুটি, নিজেদের ভাবনাগুলোকে মেলানোর চেষ্টা-গল্পের এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। সে জন্যই কাজটার সঙ্গে যুক্ত হওয়া।
