ফুটবল মৌসুমে দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

পারিবারিক আবহে প্রেমের গল্প- এমন চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘ভালোবাসার গল্প’ নাটকটি। দুই বন্ধু, তাদের সন্তান, সুখ-দুঃখ, খুনসুঁটি, টানাপড়েন- মোটা দাগে পরিচিত ঘটনাবলির মধ্য দিয়ে এগিয়ে গেছে গল্প। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মৌসুমে সবাই যখন খেলা দেখা নিয়ে ব্যস্ত, সেই সময়েও এ নাটকে দর্শকের সাড়া বিস্ময়কর। এরই মধ্যে ৮৫ লাখ ভিউ পেরিয়ে অচিরেই কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করতে যাচ্ছে সিএমভি প্রযোজিত এ নাটক।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা, সীমাবদ্ধতা সবই তুলে ধরা হয়েছে এ নাটকে।
ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে ‘ভালোবাসার গল্প’তে ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ। রবিউল ইসলাম জীবনের কথায় এতে ব্যবহার করা হয়েছে একটি গান। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।
