কলকাতায় জয়ার জয়জয়কার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

সম্পর্কের গল্পে ফের বাজিমাৎ। ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এ কিস্তিতেও যেন সাফল্যের ধারা অব্যাহত থাকছে।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি। আর প্রতিদিনই ছবিটি ঘিরে দর্শক-সমালোচকদের প্রশংসা বাড়ছে। ফলে ক্রমশ এর আয়ও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
১০ জুলাই মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। ‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প এবং অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। নির্মাতাণ্ডশিল্পীরা দর্শকের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন; এক- প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও না করা, দুই- কাউকে কোনোভাবেই গল্পটা না বলা।
জয়া আগেই বলেছেন, এ ছবিতে এমন কিছু মোড় আছে, যেটা দর্শককে অবাক করবে। সেরকম পরিস্থিতিতে কোনো শত্রুও যেন কখনও না পড়ে, এমনটাই চান জয়া।
