থ্রি ইডিয়টস’র অনুপ্রেরণা সোনমের অনশন ঘিরে তোলপাড়

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’র ‘র‌্যাঞ্চো’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুক আবারও আলোচনার কেন্দ্রে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন তিনি। তার এ কর্মসূচি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

গত ২৮ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। শুরুতে এটি ব্যক্তিগত প্রতিবাদ হিসেবে দেখা হলেও সময়ের সঙ্গে তা রূপ নিয়েছে বৃহত্তর গণআন্দোলনে। তার দাবির প্রতি সংহতি জানিয়ে এগিয়ে এসেছেন রাজনীতিক, শিক্ষাবিদ, শিল্পী, লেখক, সমাজকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকেও তাকে অনশন ভাঙার আহ্বান জানানো হয়েছে।

প্রকৌশলী, শিক্ষাবিদ, উদ্ভাবক, পরিবেশকর্মী ও র‌্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই ভারতের শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছেন। আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘ফুংচুক ওয়াংড়ু’ বা ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত বলেই পরিচিত।