রায় শোনার পর কাঁপছিলেন সঞ্জয় দত্ত

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অভিনেতা সঞ্জয় দত্তের নাম জড়িয়ে যাওয়ার ঘটনা আজও বলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। সন্ত্রাস ও ষড়যন্ত্রের অভিযোগ থেকে তিনি শেষ পর্যন্ত খালাস পেলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হন। এবার সেই মামলার রায় ঘোষণার দিন আদালতের ভেতরের ঘটনাগুলো প্রকাশ করলেন মামলার বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম।

সম্প্রতি লল্লানটপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিকম বলেন, রায় ঘোষণার মুহূর্তে সঞ্জয় দত্ত ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আদালত যখন তাকে আবার হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়, তখন তিনি কার্যত কাঁপছিলেন।

নিকমের ভাষ্য, রায়ের আগে সঞ্জয় দত্ত জামিনে মুক্ত ছিলেন। তবে আদালত অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিলে তিনি বারবার বলতে থাকেন, না স্যার, আমি কিছু ভুল করিনি। আমি ফিরে আসব।

সেই মুহূর্তের কথা স্মরণ করে নিকম বলেন, সে কাঁপছিল। আমি তার পাশে দাঁড়িয়ে বলেছিলাম, ‘সঞ্জু, মিডিয়া দেখছে, সোজা হয়ে দাঁড়াও।’ এরপর পুলিশকে তাকে নিয়ে যেতে বলি।