বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার গানে গানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের সহায়তায় একক সংগীতানুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি সম্মাননা জানানো হবে এই বরেণ্য শিল্পীকে। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’- এই প্রত্যয়কে ধারণ করে বাংলাদেশের সংগীতভুবনে দীর্ঘদিন ধরে অনন্য অবদান রেখে চলেছেন রুনা লায়লা। তার কণ্ঠে সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; তা সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা হয়ে উঠেছে। কিংবদন্তি এই শিল্পীর শিল্পসাধনা ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বন্যার্তদের সহযোগিতার জন্য গান গাইবেন রুনা লায়লা। তবে, অনুষ্ঠানটিতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে বিশেষ তহবিল। একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যার্তদের সহায়তার জন্য আয়োজিত এ অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।