লিসবনে ২৬ জুলাই জেমসের কনসার্ট
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লিসবন (পর্তুগাল) প্রতিনিধি

সময় বয়ে যায় তার আপন গতিতে। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ জুলাই আর মাত্র কয়েক দিন বাকি। ওই দিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত লিসবোয়া আউ ভিভো ইনডোর অডিটোরিয়াম মুখর থাকবে বাংলাদেশি বিভিন্ন সংগীতপ্রেমীদের পদচারণায়। জেমসের গানের সুরমূর্ছনা ও তার ব্যান্ডের তুমুল পরিবেশনায় পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠবে। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।
‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি, ‘নগরবাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস। কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টকে ঘিরে লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
কনসার্টে অংশগ্রহণের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক টিকিটের দাম ২০ ইউরো (সীমিতসংখ্যক), গোল্ডেন সার্কেল টিকিটের দাম ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ ইউরো।
