এ সপ্তাহের যত নতুন সিনেমা ও সিরিজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

প্রতি সপ্তাহেই দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় নানা ভাষার নতুন সিনেমা ও সিরিজ। দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া আলোচিত কিছু কনটেন্টের খোঁজ মিলল। দেখে নেওয়া যাক সেগুলো।

রকস্টার (বাংলা সিনেমা) : গত ২৩ জুলাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বাংলা চলচ্চিত্র ‘রকস্টার’। এতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর এবং তারিক আনাম খান। ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে ‘আগুন’ নামের এক উদীয়মান সংগীতশিল্পীকে ঘিরে। একজন স্বনামধন্য শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে সে বেছে নেয় রক মিউজিক। অল্প সময়েই দেশ-বিদেশে পরিচিতি ও খ্যাতি পেলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসার জটিলতায় একসময় তার জীবন করুণ পরিণতির দিকে মোড় নেয়।

র‌্যানসম ক্যানিয়ন সিজন ২ (ইংরেজি সিরিজ) : একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ইংরেজি ড্রামা সিরিজ ‘র‌্যানসম ক্যানিয়ন’-এর দ্বিতীয় সিজন। জশ ডুহামেল ও মিনকা কেলি অভিনীত এই সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের ঘটনার প্রায় ছয় মাস পর থেকে। ট্রাস্টিশিপ হারানোর পর স্ট্যাটেন কার্কল্যান্ড তার পরিবারের ঐতিহ্যবাহী খামারের মালিকানা ফিরে পেতে নতুন লড়াই শুরু করে। অন্যদিকে কুইন ও’গ্র্যাডি নিউইয়র্ক ছেড়ে আবার পুরোনো শহরে ফিরে আসে। অলিভার নামের নতুন এক চরিত্রের আগমনে পুরো গল্পে দেখা দেয় রোমাঞ্চকর পরিবর্তন।

মুসাফির ক্যাফে (হিন্দি সিরিজ) : ২৪ জুলাই নেটফ্লিক্সে আসছে হিন্দি সিরিজ ‘মুসাফির ক্যাফে’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মহিমা মাকওয়ানা। গল্পে দেখা যায়, চন্দ্র নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার নিয়মিত করপোরেট জীবন ছেড়ে লেখক হওয়ার স্বপ্ন পূরণে পাহাড়ে পাড়ি জমায়। কিন্তু সেখানে গিয়ে তার বর্তমান ও অতীত জীবনের টানাপোড়েনে এক আবেগঘন ত্রিকোণ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে।

আদর্শ বল বিদ্যালয় (হিন্দি সিরিজ) : ২৪ জুলাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভিডিও প্রাইমে মুক্তি পাচ্ছে হিন্দি ওয়েব সিরিজ ‘আদর্শ বল বিদ্যালয়’। কে কে মেনন, অর্চনা পূরণ সিং ও নবীন কাস্তুরিয়া অভিনীত এই সিরিজের গল্প একটি পিছিয়ে পড়া সরকারি স্কুলকে ঘিরে।

দ্য ডেব্ট কালেক্টর (থাই সিনেমা) : গত ২৩ জুলাই নেটফ্লিক্সে যুক্ত হয়েছে থাই সিনেমা ‘দ্য ডেব্ট কালেক্টর’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাদেচ কুগিমিয়া ও দাও পিত্তায়া সাএচুয়া। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এক সাবেক ঋণ আদায়কারী।

দ্য ট্রুথার্স (স্প্যানিশ সিনেমা) : ২৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে স্প্যানিশ থ্রিলার সিনেমা ‘দ্য ট্রুথার্স’। স্টেফানি ম্যাগিন ও হোসে করোনাদো অভিনীত এই সিনেমায় দেখা যায়, বহু বছর ধরে পরিবার থেকে আলাদা থাকা এক তরুণী তার মায়ের রহস্যময় মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরে আসে। মায়ের মৃত্যুর পেছনের সত্য উন্মোচন করতে সে মরিয়া হয়ে উঠলেও তার বাবা কিছু একটা লুকানোর চেষ্টা করে। একপর্যায়ে বাবা ও মেয়ের মধ্যে শুরু হয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।