কোক স্টুডিও বাংলায় ফিরলেন ঈশান ও সুনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
কোক স্টুডিও বাংলার অন্যতম প্রশংসিত গান ‘দাঁড়ালে দুয়ারে’। এটি গেয়েছেন ঈশান মজুমদার ও নন্দিতা। এরপর ঈশান নিজের মৌলিক গানেও পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। ‘গুলবাহার’ কিংবা ‘যাব যাব মন’ গানগুলো দিয়ে শ্রোতাদের মনে পাকা জায়গা করে নিয়েছেন।
সেই ঈশান ফিরলেন কোক স্টুডিও বাংলায়। চলমান চতুর্থ সিজনের তৃতীয় গানে পাওয়া যাবে তাকে। ‘পাতার বাঁশরি’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই। সংগীত পরিচালনায় অদিত রহমান। এ গানে ঈশানের সঙ্গে দ্বৈত গেয়েছেন সুনিধি নায়েক।
তিনিও কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পী।
বিভিন্ন গানে প্রতিনিয়ত কোরাস গেয়ে থাকেন। আবার আলাদা করে শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ডুয়েট করেছেন ‘সন্ধ্যা তারা’ গানে। নতুন গানটিকে ‘প্রেমের গান’ হিসেবে বর্ণনা করেছে কোক স্টুডিও বাংলা।
