১৫ দিনে ২ কোটি ভিউ! ঝড় তুলেছে যে সিনেমা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘মহারাজ’র সাফল্যের পর সিদ্ধার্থ পি মালহোত্রার নতুন ছবি নিয়েই আগ্রহ ছিল দর্শকদের। সেই সঙ্গে তিন দশক পর সানি দেওল-অক্ষয় খান্না জুটিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। পর্দায় যখন সানি দেওল এবং অক্ষয় খান্নার মতো দুজন শক্তিমান অভিনেতার নাম একসঙ্গে ভেসে ওঠে, তখন দর্শকের প্রত্যাশার পারদ এমনিতেই বেড়ে যায়। বিশেষ করে ‘দামিনী’র সেই ‘ঢাই কিলো কা হাথ’খ্যাত সানি দেওল যখন আবারও আইনজীবীর কালো কোট গায়ে জড়ান, তখন নব্বই দশকের নস্টালজিয়ায় ভোগা দর্শকদের রোমাঞ্চিত হওয়াই স্বাভাবিক। তার ওপর অক্ষয় খান্না সদ্যই ‘ধুরন্ধর’ সিনেমায় খলনায়ক হিসেবে বাজিমাত করেছেন। এ দুই তারকাকে নিয়ে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা নির্মাণ করেছেন কোর্টরুম ড্রামা ‘ইক্কা’। রহস্যঘেরা ট্রেলার আর আদালতকেন্দ্রিক গল্প- সব মিলিয়ে ‘ইক্কা’ মুক্তির আগেই বলিউডের আলোচিত ওটিটি ছবিগুলোর একটি হয়ে উঠেছিল।