শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর আহত হয়েছেন রাশমিকা। ‘রাণাবলী’ ও ‘মাইসা’ ছবির শুটিং করতে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছেন তিনি।
দুই ছবিতেই রয়েছে লড়াইয়ের দৃশ্য ও নাচের দৃশ্য। তেমনই একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান অভিনেত্রী। আঘাত এতটাই গুরুতর যে তার নিতম্ব ও কোমরের মাঝে একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গিয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকদের দাবি, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত দেখে তারাও বিস্মিত।
চিকিৎসকেরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা।
বিয়ের পরে বিজয়ের সঙ্গে ‘রাণাবালী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে তাদের রসায়ন ধরা পড়েছে ‘অর্জুন রেড্ডী’, ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-এর মতো ছবিতে।
বিজয় ও রাশমিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরে। রাজকীয় কায়দায় সাবেকি সাজে বিয়ে করেছিলেন তারা। তবে হায়দরাবাদে ফিরে প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকাদম্পতি। সেই প্রীতিভোজের আসরে বসেছিল চাঁদের হাট। দক্ষিণী চলচ্চিত্র ও বলিউড থেকে উপস্থিত ছিলেন বহু তারকা।
