আবার এক হচ্ছেন শাকিব মেহেদী, এবার নায়িকা কে

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা দিয়ে শাকিব খান ও নতুন নির্মাতা মেহেদী হাসান জুটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য- দুই দিক থেকেই আলোচনার শীর্ষে ছিলেন। সেই সফল জুটি আবারও নতুন সিনেমায় এক হচ্ছে। নতুন এ সিনেমা ঘিরে ইতিমধ্যে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছেন সাবিলা নূর। সাবিলা কি থাকছেন শাকিবের নায়িকা হিসেবে?

‘বরবাদ’ ছিল মেহেদী হাসানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান। সিনেমাটি দর্শকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিল।

এর পর থেকে মেহেদী হাসানের প্রতি শাকিবের আস্থা বেড়ে যায়। পরবর্তী সময় তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও এখন প্রায় দুই বছর পর সেই জুটি আবার একসঙ্গে ফিরছেন।

এ প্রত্যাবর্তন নিয়ে মেহেদী হাসান বলেন, আমরা একসঙ্গে সিনেমাটি করতে যাচ্ছি, এটা সত্য। আমাদের নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে। এমনকি বরবাদ সিনেমার পরে হলমালিকেরা আবার একসঙ্গে আমাদের সিনেমা চায়। এটাও আমার জন্য বাড়তি চাপ। তবে এবারের গল্পটা আরও শক্তিশালী।

তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না এ পরিচালক। সিনেমার নামও এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, এ সিনেমার নাম ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’ হতে পারে। এ নিয়ে পরিচালক বললেন, ‘নাম সময় হলেই জানাব। এখন প্রি–প্রোডাকশন নিয়ে বেশি ভাবছি।’ তবে এ সিনেমাও হতে যাচ্ছে ‘বরবাদ’-এর মতো অ্যাকশনধর্মী। দর্শক নতুনভাবে শাকিব খানকে দেখবেন।

এদিকে শাকিবের সিনেমাটির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিলা নূর। ঘুরেফিরে আসছে তার নাম। এর আগে এ জুটির ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং করেছেন। যে কারণে জোর আলোচনা চলছে যে সাবিলাই হচ্ছেন নায়িকা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আমরা এটা শিগগির জানাব। আগে স্ক্রিপ্ট লক হোক। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।