বলিউডের স্বজনপ্রীতি, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন ইয়ামি

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউড তারকাদের সন্তানদের (স্টার কিড) কাজ ও ক্যারিয়ার নিয়ে প্রায়ই স্বজনপ্রীতির কথা শোনা যায়। সাধারণ দর্শক ও সমালোচকরা মনে করেন, তারকার সন্তান হওয়ার সুবাদে তারা কোনো কঠিন সংগ্রাম ছাড়াই বড় প্রোডাকশনের সিনেমা ও কাস্টে সহজেই সুযোগ পান। এ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ইয়ামি গৌতমও। তার মন্তব্য, চলচিত্র ইন্ডাস্ট্রিতে যে সুযোগ খুব সহজে তারকা সন্তানরা পেয়ে থাকেন- সেটা পান না অন্য কেউ।

ইয়ামি বলেন, বাইরের কেউ যখন কোনো চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করে ঠিক তখনই তারকা সন্তানদের কেউ বিনা পরিশ্রমে সেই সুযোগ পেয়ে যায়। আমার মনে হয়েছিল যে, আমাকেও যদি এমন সুযোগ দেওয়া হতো তাহলে অভিনেত্রী হিসেবে নিজেকে উন্নত করতে পারতাম। ধীরে ধীরে আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। কিন্তু একটা সময় পরিস্থিতি বদলে গেল।

হতাশা থেকে ইয়ামি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানান। গুরুত্বপূর্ণ চরিত্রের অভাবে অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, উরি ও বালা সিনেমার ঠিক আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অদ্ভুতভাবে যখন ইন্ডাস্ট্রিকে ভয় পাওয়া বন্ধ করে দিলাম তখনই সবকিছু বদলে গেল। পরপর এমন কিছু চরিত্র পেয়েছি সেটি আমার জীবনকে বদলে দিল।

প্রসঙ্গত, ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি, ছবিটিও এ বছরের জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছ।