অতীত নিয়ে শাকিব খান

এমন ভুল না করলেও পারতাম

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক ‘অপূর্ণ প্রেম’-এর গল্প শোনান নায়ক। এবার জানালেন, অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার ‘ভুল’।

একই টেলিভিশন সেটে ফের দেখা মিলল শাকিব খানকে। সেখানে তার দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি, তা অবশ্য স্পষ্ট করেননি মেগাস্টার।

জীবনে কোনো ভুল করেছেন কি না- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন। তার কথায়, অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।

ভুলগুলো কেন হয়েছে- প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ওই যে- কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।