কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো : রিয়া চক্রবর্তী
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই নির্দোষ’ এমনটাই দাবি করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এসব বলেন।
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।
রিয়ার ভাষ্য, কারাগারে কোনও শ্রেণিবিভাজন নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই। কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা গান করেন, নাচেন। এর পর রিয়াকে প্রশ্ন করা হয়, কারাগারে তার নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। প্রথমে হ্যাঁ বললেও পর মুহূর্তেই অভিনেত্রী বলেন, ‘না’। সেখানে খাবার কেমন ছিল জানতে চাইলে তার উত্তর সরাসরি দেননি রিয়া। বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে।
বইটির নাম কী, জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’।
রিয়া কারাবাসে থাকলেও, পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। রিয়া চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এর দ্বিতীয় সিজনে। আজ প্রাইম ভিডিওতে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় কর্ণ জোহর।
