জেনিফার এখন ২ হাজার কোটি টাকার মালিক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

গতকাল ৩৬ বছরে পা দিয়েছেন তিনি। হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী; এ প্রজন্মেরও সেরা অভিনেত্রীদের একজন, সেটাও বলতে হবে। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি পেয়েছেন অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা- অনেক পুরস্কার। একদিকে ‘দ্য হাঙ্গার গেমস’-এর ক্যাটনিস এভারডিন, অন্যদিকে ‘উইন্টার্স বোন’ কিংবা ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এর মতো সিনেমার জটিল চরিত্র- দুই ধরনের সিনেমাতেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এ অভিনেত্রী আর কেউ নন, জেনিফার লরেন্স। তবে লরেন্সের গল্পটা শুধু তারকা হয়ে ওঠার নয়। কৈশোরে সামাজিক অস্বস্তি, নিজেকে ‘বেমানান’ মনে করা, মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ের জন্য পরিবার ছেড়ে নিউইয়র্কে যাওয়া, এরপর একের পর এক অডিশন- সব মিলিয়ে তার পথটা ছিল চ্যালেঞ্জে ভরা।

১৯৯০ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলে জন্ম জেনিফার শ্রেডার লরেন্সের। বাবা গ্যারি লরেন্স নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, মা কারেন একটি শিশুদের ক্যাম্প পরিচালনা করতেন। দুই বড় ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠা জেনিফারের শৈশব ছিল বেশ দুরন্ত। ঘোড়ায় চড়া, ফিল্ড হকি, সফটবল, বাস্কেটবল-খেলাধুলায়ও ছিলেন সক্রিয়।

অভিনয়ের জন্য স্কুলের পড়াশোনাও দ্রুত শেষ করেন জেনিফার। মাত্র দুই বছরেই হাইস্কুলের পড়া শেষ করে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। জেনিফারের ক্যারিয়ারের প্রথম বড় মোড় আসে ২০১০ সালে। ডেবরা গ্র্যানিক পরিচালিত স্বাধীন চলচ্চিত্র ‘উইন্টার্স বোন’-এ দরিদ্র পরিবারের কিশোরী রি ডলি চরিত্রে অভিনয় করেন জেনিফার। চরিত্রটির জন্য তাকে গ্রামীণ, কঠিন এক জীবনের ভেতরে ঢুকে যেতে হয়েছিল। ছবিটি বক্স অফিসের বিশাল সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়ায়। আর জেনিফার পান সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন। তখন তার বয়স মাত্র ২০।