নব্বই দশকের গল্পের অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি অবশ্যই ‘মিশন ডিডিএলজে’-তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন।
তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শকরা কনটেন্টটি দেখলে বুঝবেন। আর নামটা কেন ‘ডিডিএলজে’ সেটারও হিডেন মিনিং আছে, সেটাও দর্শক দেখতে বুঝবেন।’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হওয়া ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ নিয়ে এ কথাগুলো বলেছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।
গত শনিবার বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি এই সময়ে এসে সেই ধরণের গল্পগুলো আর পাই না।
কিন্তু আগেকার গল্পগুলোর যখন কিছু কিছু কাজে বের হয়, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করে থাকেন। আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, এ গল্পটা এ সময়ের কাপলদের কিন্তু তারা তাদের প্রেম মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরির অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে, সেই সাথে এখনকার বাবা-মায়েরাও এই গল্পটি দেখলে পছন্দ করবেন। ‘মিশন ডিডিএলজে’ মূলত রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। আগামী সেপ্টেম্বরের শেষদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এটি।
