হলিউডপ্রেমীদের জন্য ধামাকার সপ্তাহ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

আগস্টের শেষটা সিনেমাপ্রেমীদের জন্য বেশ জমজমাট হতে যাচ্ছে। এ সপ্তাহে হলিউডে মুক্তি পাচ্ছে হরর, অ্যাকশন, রোমান্টিক কমেডি ও বায়োপিক ঘরানার চার সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। ১৭ থেকে ২৩ আগস্টের এ তালিকায় আরও আছে জেসন স্ট্যাথামের অ্যাকশন থ্রিলার ‘মিউটিনি’, মনিকা বারবারো ও ক্যালাম টার্নার অভিনীত ‘ওয়ান নাইট অনলি’ এবং প্রয়াত রাঁধুনি ও লেখক অ্যান্থনি বুরডেইনকে নিয়ে নির্মিত ‘টনি’। ভৌতিক সিনেমার দর্শকদের জন্য এই সপ্তাহের বড় আকর্ষণ ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। এটি ‘ইনসিডিয়াস’ সিরিজের ষষ্ঠ সিনেমা। গল্পের কেন্দ্রীয় চরিত্র জেম্মা। মেয়েকে নিয়ে নিজের শৈশবের বাড়িতে থাকার সময় সে আবিষ্কার করে, অতিপ্রাকৃত এক জগৎ ‘দ্য ফারদার’-এ প্রবেশ করার ক্ষমতা তার রয়েছে। কিন্তু বিপদটা শুরু হয় তখনই, যখন জেম্মা বুঝতে পারে- সে শুধু ওই জগতে যেতে পারে না, সেখানকার ভয়ংকর কিছু সত্তাকে বাস্তব পৃথিবীতেও নিয়ে আসতে পারে। তার এই ক্ষমতার কথা দানবেরা জানতে পারার পর বাস্তব দুনিয়াই হয়ে ওঠে তাদের নতুন শিকারক্ষেত্র। অ্যামেলিয়া ইভ অভিনীত ছবিটি পরিচালনা করেছেন জ্যাকব চেজ। সিনেমাটি ২১ আগস্ট মুক্তির কথা রয়েছে। ছবিতে স্ট্যাথামকে দেখা যাবে সাবেক স্পেশাল ফোর্সেস সদস্যের চরিত্রে। এক ধনকুবেরের মৃত্যুর পর হঠাৎ করেই একটি বড় ষড়যন্ত্রের মধ্যে আটকে যান তিনি। এরপর নিজের নির্দোষিতা প্রমাণের পাশাপাশি শুরু হয় বাঁচার লড়াই। অর্থাৎ শুরু থেকেই থাকবে ষড়যন্ত্র, ধাওয়া আর একের পর এক বিপদ। স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, অ্যাড্রিয়ান লেস্টারসহ আরও অনেকে।
