আল্লু অর্জুনের নতুন সিনেমায় উইল স্মিথ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

‘পুষ্পা’র আকাশচুম্বী সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তেলুগু তারকা আল্লু অর্জুন। ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমারের নির্মাণে তিনি অভিনয় করছেন ‘রাকা’ সিনেমায়। বড় বাজেট আর বিশাল আয়োজনে নির্মিত হচ্ছে এটি। কাজ করছেন হলিউডের টেকনিশিয়ানরা।

আলোচিত এ সিনেমা নিয়ে এবার ছড়াল আরো চমকপ্রদ গুঞ্জন। শোনা যাচ্ছে, ‘রাকা’য় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী তারকা উইল স্মিথকে! ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-র এক প্রতিবেদনের দাবি, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে উইল স্মিথকে। তার সঙ্গে নাকি আলোচনাও চলছে। সবকিছু চূড়ান্ত হলে ভিনদেশের কোনো লোকেশনে অংশ নেবেন শুটিংয়ে। একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, উইল স্মিথের সময় অনুযায়ী শিডিউল করা হচ্ছে। তার চরিত্রের আলাদা পোশাকও বানানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ‘রাকা’ টিম কিংবা স্মিথ, কারো পক্ষ থেকেই স্পষ্ট খবর আসেনি। তবে যদি এমনটা ঘটে, তাহলে সেটি উপমহাদেশের দর্শকের জন্য বিরাট চমক হবে।

এদিকে শোনা যাচ্ছে, ‘রাকা’য় দেখা যাবে শাহরুখ খানকেও। শিগগির নাকি তিনি নিজের দৃশ্যের চিত্রায়নে অংশ নেবেন। বর্তমানে অভিনেতা ‘কিং’-এর শেষ গানের শুটিং নিয়ে ব্যস্ত। সেটা শেষ হলে সেপ্টেম্বর নাগাদ ‘রাকা’র কাজে যোগ দেবেন বলিউড বাদশাহ।

‘রাকা’ নিয়ে নানা গল্প-গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুদিন আগে আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে এর ফার্স্টলুক পোস্টার। তাতে দেখা যায়, আল্লু এমন এক চরিত্রে, যার মুখ তো মানুষের মতো বটে, তবে হাত-নখ সব অচেনা এক জন্তুর মতো।