সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ রিয়া চক্রবর্তী

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণের পর চরম অর্থনৈতিক, আইনি ও মানসিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে। আইনি লড়াই শেষে সম্প্রতি সিবিআই সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। দীর্ঘ সময় পার করে জনপ্রিয় ইউটিউব ব্লগে হাজির হয়ে জীবনের সেই চরম অন্ধকার অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। এসময় রিয়া তার ভেতরে থাকা ক্ষোভ উগড়ে দিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে তিনি জানান, ২০২০ সালে মাদক সংক্রান্ত মামলায় রিয়া ও তার ভাই শৌভিককে গ্রেপ্তারের পর তাদের জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর চারপাশের মানুষ এবং গোটা সমাজ তাদের এমনভাবে বয়কট করেছিল যে, স্বাভাবিক জীবনে ফেরাই কঠিন হয়ে উঠেছিল। দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। সামাজিক ট্রলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ার সময়ের কথা স্মরণ করে রিয়া আরও বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, আমি সহজে কাউকে বিশ্বাস বা প্রভাব বিস্তার করতে দিই না। তবে সব ঝড়ঝাপ্টা ও সমাজের তীব্র সমালোচনা পেরিয়ে ভাই-বোন মিলে নিজেদের ক্যারিয়ার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন। বিনোদন জগৎ এবং করপোরেট জীবনের দরজা বন্ধ দেখে তারা নিজেদের উদ্যোগেই জীবনের ‘চ্যাপ্টার টু’ বা দ্বিতীয় অধ্যায় নামে একটি যৌথ চ্যাট শো শুরু করেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্ত হয়ে নতুন করে জীবন গুছিয়ে তোলার পথটি রিয়া ও শৌভিকের জন্য মোটেই মসৃণ ছিল না। এ বিষয়ে রিয়া বলেন, এত কষ্টের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন আবার নতুন করে কোনো দুর্যোগের ভয় কাজ করে।