সুনিধির প্রথম ক্রাশের নাম শুনে অবাক অমিতাভ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সনি লিভণ্ডএ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন প্রচার শুরু হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ৯টায় প্রচার হচ্ছে এটি। এই সিজনে এবার অতিথি হয়ে আসছেন সুনিধি চৌহান। এর মধ্যে সেই প্রমো প্রকাশ্যে এসেছে। এই অনুষ্ঠানে সকলের সামনে সুনিধি নিজের প্রথম ক্রাশের নাম প্রকাশ করেছেন। সেই নাম শুনে শুধু উপস্থিত দর্শকরাই নন, অবাক হয়ে গিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও।

সনি লিভের অফিশিয়াল ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, সুনিধি অমিতাভ বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আমরা আপনাকে কত ভিন্ন ভিন্ন রূপে দেখেছি। আপনি ছিলেন আমার প্রথম ক্রাশ। আপনি ছিলেন আমার প্রথম সান্তাক্লজ।

এই কথা শুনে অমিতাভ বচ্চন গায়িকাকে থামিয়ে মজার ছলে বলেন, আপনি এখন বলছেন আমার ওপর আপনার ক্রাশ ছিল, তখন তো বলেননি! অমিতাভ বচ্চনের এই কথায় গায়িকার মুখ লজ্জায় লাল হয়ে যায়। এরপর হট সিটে বসে একের পর এক প্রশ্নের জবাব দিতে দিতে অমিতাভ বচ্চনের সিনেমার গান পরিবেশন করেন সুনিধি। স্পেশাল পর্বটিকে একটি ছোটখাটো কনসার্টে পরিণত করে দেন তিনি। সুনিধি চৌহানের গান এবং পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে যান অমিতাভ।

সুনিধি চৌহান সম্প্রতি শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’ ছবির ‘তুঝকো’ গানে কণ্ঠ দিয়েছেন। এদিকে, অমিতাভ কেবিসি ১৮ সঞ্চালনা করে চলেছেন। এরপর তাকে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়ালে দেখা যাবে। যেখানে প্রভাস এবং কমল হাসানও অভিনয় করেছেন। প্রথম পর্বের সাফল্যের পর এই ছবিটির নির্মাণকাজ চলছে, যা বিশ্বব্যাপী ১,০০০ কোটি টাকার অংক অতিক্রম করেছিল।