রণবীরের মায়ের চরিত্রে কি দীপিকা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’য় রণবীর কাপুরের মা অমৃতার চরিত্রে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। সেই ঝলকেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল চরিত্রটি নিয়ে। এবার শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ অমৃতার চরিত্রে আরও গুরুত্বপূর্ণভাবে দেখা যেতে পারে দীপিকাকে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর চিত্রনাট্য নিয়ে এখন কাজ চলছে। পাশাপাশি ধীরে ধীরে এগোচ্ছে প্রাক-প্রযোজনার কাজও। পরিচালক অয়ন মুখার্জি ও তাঁর সৃজনশীল দল ছবিটির দ্বিতীয় কিস্তিকে আরও বড় পরিসরে পর্দায় আনতে চাইছেন।

ছবিতে শিবা ও ঈশার চরিত্রে আবারও দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। প্রথম ছবিতে তাদের প্রেমের গল্পের পাশাপাশি ‘অস্ত্রভার্স’-এর অতিপ্রাকৃত জগতের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে সেই জগতের পরিধি আরও বাড়বে বলে জানা গেছে।

তবে নতুন ছবির অন্যতম আকর্ষণ হতে পারেন দীপিকা। প্রথম ছবিতে শিবার মা অমৃতার চরিত্রে তাঁর উপস্থিতি ছিল খুবই সংক্ষিপ্ত। এবার সেই চরিত্রটিই গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অয়ন ও তার দল অমৃতার চরিত্রে এমন একজন অভিনেত্রীকে চান, যার পর্দায় শক্তিশালী উপস্থিতি রয়েছে। সে কারণেই তাদের পছন্দের তালিকায় সবার ওপরে আছেন দীপিকা।

তবে অভিনেত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা এখনো চলছে। তিনি ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত সম্মতি দেননি। ফলে ‘ব্রহ্মাস্ত্র ২’-এ রণবীরের মা অমৃতার চরিত্রে শেষ পর্যন্ত দীপিকাকেই দেখা যাবে কি না, সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সিক্যুয়েলে আরও একটি বড় চমক থাকতে পারে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর। শিবার পাশাপাশি তাঁকে দেখা যেতে পারে দেবের চরিত্রেও। প্রথম ছবিতে দেবকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, দ্বিতীয় কিস্তিতে সেটিই গল্পের অন্যতম প্রধান অংশ হয়ে উঠতে পারে।