২৫ বছরে পা দিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দেখতে দেখতে ২৫ বছরে পা দিল। ২০০১ সালের একটি সাধারণ স্ট্রিট-রেসিং সিনেমা থেকে কীভাবে এটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এক সিনেম্যাটিক ফেনোমেননে রূপ নিয়েছে, সেই স্মৃতিচারণই করলেন ফ্র্যাঞ্চাইজিটির মূল তারকা ভিন ডিজেল। দীর্ঘ আড়াই দশকের এই যাত্রায় বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও সহকর্মীদের প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।

সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর পুনর্মুক্তি (রি-রিলিজ) উপলক্ষ্যে প্রেক্ষাগৃহের বেশ কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভিন ডিজেল। ভক্তদের ভালোবাসায় আবেগপ্লুত হয়ে তিনি বলেন, এ সপ্তাহে আমি একদল মানুষের সামনে দাঁড়িয়েছিলাম... পরিচিত সব মুখ। কিছু হাসি আমি ২৫ বছর ধরে চিনি, আর কিছু হাসি আগে কখনো দেখিনি। কিন্তু সেই ঘরের সবাই একসঙ্গে বসে উদযাপন করছিল, যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল।

২৫ বছর আগের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে ডিজেল বলেন, ২৫ বছর আগে আমি জানতাম না সামনে কী অপেক্ষা করছে। সত্যি বলতে কেউই জানত না। আমরা স্ট্রিট রেসিং নিয়ে একটা ছোট সিনেমা বানাচ্ছিলাম এবং আমাদের কোনো ধারণাই ছিল না এটি (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস) কোথায় গিয়ে ঠেকবে।