শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটি কিনে নিলেন শাহরুখ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খানের মান্নাতের সংস্কার ও আধুনিকীকরণ চলছে। জানা যায়, আনুমানিক ৩০০ কোটি টাকা মূল্যের এই আইকনিক অট্টালিকাটির পেছনের অংশে আরও কয়েকটি নতুন তলা যুক্ত করা হচ্ছে। বছরের পর বছর ধরে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এ ছয়তলা ভবনটি কেবল একটি বাড়ি নয়, বরং ভক্তদের কাছে একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ঈদ কিংবা অভিনেতার জন্মদিনে হাজারো অনুরাগী মান্নতের সামনে ভিড় জমান প্রিয় নায়ককে দেখার জন্য। সংস্কারকাজ শেষে এই ঐতিহাসিক বাসভবনটি ঠিক কী নতুন রূপ নিতে চলেছে, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিং করার সময় এই সমুদ্রমুখী বাংলোটি প্রথম চোখে পড়ে শাহরুখের। তখন বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ এবং এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ।
গানের শুটিং চলাকালীন ‘ভিলা ভিয়েনা’র নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও শুটিং টিমকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই সময় হবু ‘কিং খান’ মজার ছলেই সহকর্মীদের বলেছিলেন, ‘এটা কিনে নেব নাকি? তারপর শুটিং করব।’ ঠিক তখনই মনে মনে প্রাসাদটি নিজের করার স্বপ্ন বুনেছিলেন তিনি।
২০০১ সালে ‘ভিলা ভিয়েনা’ কিনে নেন শাহরুখ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সব মিলিয়ে তখন বাড়িটির প্রকৃত মূল্য এবং এর পেছনে তার প্রায় ৩০ কোটি টাকার মতো খরচ হয়েছিল। বাড়িটি কেনার পর প্রথম দিকে এটির নাম রাখা হয়েছিল ‘জান্নত’। তবে পরপর সাফল্য এবং তার সমস্ত চাওয়া পূরণ হতে থাকায় পরবর্তীতে শাহরুখ এর নাম বদলে রাখেন ‘মান্নত’। বর্তমানে ‘মান্নত’-এর আনুমানিক বাজারমূল্য ৩০০ কোটি টাকারও বেশি।
