গান পোস্টের পরেই গুলিতে মারা গেলেন গায়ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানভি ভাষার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়িতে বসে তাকে একটি গান গাইতে দেখা যায়। গানের কথায় ছিল- ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’। সেই ভিডিও পোস্টের কিছুক্ষণ পরই উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় গুলিতে নিহত হন অঙ্কিত। ফলে তার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শামলি শহরের আর্যপুরী নালা পাটরির কাছে একটি জিম থেকে বের হয়ে গাড়িতে উঠছিলেন অঙ্কিত। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ১৮ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অঙ্কিতের বয়স নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে তিনি হরিয়ানভি সংগীতের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন। ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’সহ তার বেশ কিছু গানে অস্ত্র, সংঘর্ষ ও গ্যাংস্টার সংস্কৃতির উপাদান দেখা গেছে। ৫০টির বেশি গানে কাজ করেছিলেন তিনি।
হত্যার আগে অঙ্কিতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটি এখন নতুন করে নজর কেড়েছে। ভিডিওতে গাড়িতে বসে তিনি যে গানটি গাইছিলেন, তার একটি লাইনে ছিল ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’। ভিডিওটি প্রকাশের প্রায় দুই ঘণ্টা পরই তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময়ের ব্যবধানই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে শেষ ভিডিওটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।
