আসছে মনোজ বাজপেয়ীর 'লাস্ট ম্যান ইন টাওয়ার'
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা 'লাস্ট ম্যান ইন টাওয়ার'| এ অভিনেতা নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সিনে জগত দাপিয়ে বেড়াচ্ছেন| সর্বশেষ, জনপ্রিয় থ্রিলার সিরিজ 'ফ্যামিলি ম্যান' খ্যাত এ অভিনেতা সিরিজটির তৃতীয় সিজনের কাজ শেষ করার পর নতুন এ সিনেমার খবর এলো|
অরবিন্দ আদিগার একই নামের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'লাস্ট ম্যান ইন টাওয়ার'| বেন রেখি পরিচালিত এ সিনেমায় মনোজ বাজপেয়ীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত| ছবিটি পরিবেশন করছে দক্ষিণ ভারতীয় তারকা রানা দাগ্গুবাতির প্রযোজনা সংস্থা 'স্পিরিট মিডিয়া'| সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার দর্শকদের মাধ্যে ব্যাপক সাড়া ফেলেছে|
চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে 'মাস্টারজি' নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কেন্দ্র করে| আবাসন সংকট ও জীবন পরিবর্তনের প্রলোভনে যখন তার চারপাশের মানুষ নিজস্ব সিদ্ধান্ত বদলে ফেলে, তখনও তিনি একাই নিজের নীতিতে অটল থাকেন| ব্যক্তিগত নীতি আর পরিস্থিতির প্রলোভনের দ্বন্দ্বে সাধারণ মানুষের সম্পর্কের টানাপোড়েন ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে এতে|
'সালাম বোম্বে' ও 'দ্য নেমসেক' খ্যাত সুনি তারাপোরওয়ালা এই সিনেমার চিত্রনাট্য রূপান্তর করেছেন| এতে সংলাপ লিখেছেন 'পিকু' ও 'অক্টোবর' চলচ্চিত্রের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী| এছাড়া চলচ্চিত্রটিতে সুরারোপ করেছেন জনপ্রিয় তামিল সিনেমা '৯৬' খ্যাত সংগীত পরিচালক গোবিন্দ বসন্ত| সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি|
