'সাসপেন্স' রাখতে বিয়ের কথা লুকিয়েছেন মিষ্টি জান্নাত

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ব্যক্তিজীবন নিয়ে এতদিন যে অধ্যায়টি আড়ালে রেখেছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত, এবার সেটিই সামনে আনলেন তিনি। হঠাৎ কোনো আয়োজন বা আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে 'গট ম্যারিড' যুক্ত করার মধ্য দিয়ে বিবাহিত জীবনের ইঙ্গিত দেন এই অভিনেত্রী। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন মিষ্টি।

অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তার জীবনসঙ্গী একজন ব্যবসায়ী। তবে শুধু ব্যবসার সথেই যুক্ত নন তিনি, মিডিয়া অঙ্গনের সথেও তার কিছুটা যোগাযোগ রয়েছে। স্বামীর পরিচয় নিয়ে আপাতত বেশ কিছুটা রহস্যই রাখতে চাইছেন মিষ্টি। নাম, পেশার বিস্তারিত কিংবা তাদের বিয়ের নির্দিষ্ট তারিখ- কোনোটিই এখন প্রকাশ করতে রাজি নন তিনি।

মিষ্টির ভাষ্য, বিয়েটা বাংলাদেশেই হয়েছে। তবে ঠিক কোথায় বা কবে- সেসব তথ্য জানার জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এমনকি সম্পর্কটি কতদিনের, সেটিও প্রকাশ্যে আনেননি তিনি। শুধু জানিয়েছেন, এটি কোনো পারিবারিকভাবে ঠিক করা সম্পর্ক নয়; ভালোবাসার সম্পর্ক থেকেই তাদের বিয়ে।

কেন এতটা গোপনীয়তা? মিষ্টির যুক্তি, ব্যক্তিজীবনের সব তথ্য একসথে প্রকাশ করে দিলে আগ্রহের জায়গাটা আর থাকে না। তাই আপাতত কিছু বিষয় নিজের কাছেই রাখতে চান তিনি। তার কথায়, সব রহস্য একসথে ফাঁস করে দিলে 'সাসপেন্স' বলে আর কিছু থাকবে না।

তবে স্বামীকে চিরদিন আড়ালে রাখার পরিকল্পনা নেই মিষ্টির। উপযুক্ত সময় এলে তাকেও প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এমনকি ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের মাধ্যমে স্বামীকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথাও মজার ছলে বলেছেন তিনি।