পপির মন্তব্যের পর প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে ব্যক্তিজীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দেন এ অভিনেত্রী। তার এমন মন্তব্যের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা লিখেছেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। প্রভার এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পপির সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়ে-মুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান এ চিত্রনায়িকা।

পপির ওই মন্তব্যের পর নেটিজেনদের একাংশ তার সমালোচনা করেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনের কয়েকজনও নিজেদের মতামত প্রকাশ করেন। এর মধ্যেই প্রভার এ পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও প্রভা তার পোস্টে পপির নাম উল্লেখ করেননি। এমনকি সরাসরি কাউকে উদ্দেশ্য করেও কোনো বক্তব্য দেননি তিনি। তবে পপির মন্তব্যের পরপরই তার এই লেখা প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দুটো বিষয়কে পাশাপাশি রেখে দেখছেন।

সংস্কৃতিচর্চায় শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রভা লিখেছেন, আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়ত একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।

তিনি আরও লেখেন, আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।