৬০ বছরে সালমা হায়েক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী সালমা হায়েকের জন্মদিন ছিল ২ সেপ্টেম্বর। ১৯৬৬ সালে মেক্সিকোতে জন্ম নেওয়া অভিনেত্রী ৬০ বছরে পা দিয়েছেন। মেক্সিকোর টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে হলিউডের অন্যতম পরিচিত লাতিনা তারকা হয়ে ওঠার পথটি তার জন্য সহজ ছিল না। অভিনয়ের শুরু, ভাষা ও পরিচয়ের বাধা, বয়স, উচ্চতা নিয়ে হতাশা, হলিউডের ক্ষমতাবানদের চাপ- সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত নিজের প্রযোজক-পরিচালক পরিচয়ও প্রতিষ্ঠা করেছেন তিনি।

কৈশোরে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও বিষয়টি পরিবারকে জানাতেই সংকোচ বোধ করতেন হায়েক। এভাবেই চলে যায় দীর্ঘ সময়। তিনি মেক্সিকোতে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। একসময় তার পরিকল্পনা ছিল কূটনীতিক হওয়ার। কিন্তু ১৮ বছর বয়সে বাবাকে জানান, অভিনয় করবেন। আবারও বাবার আপত্তি। একসময় তিনি চেয়েছিলেন, মেয়ে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাক। শেষ পর্যন্ত হায়েক অভিনয়ের ক্লাস শুরু করেন এবং একাডেমিক পড়াশোনায় আর মনোযোগী হননি।

টেলিভিশনে অভিনয় দিয়ে পথচলা শুরু হয়। কিন্তু কাজ পেতে অনেক সময় লেগে যায়। নাম লেখান নাটকে। মেক্সিকোর 'টেলিনোভেলা' সিরিজের তেরেসা চরিত্র তাকে দ্রুত পরিচিতি এনে দেয়। ১৯৮৯ সালে শুরু হওয়া সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয় হন।

১৯৯১ সালে সালমা লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। উদ্দেশ্য ছিল ইংরেজি শেখা এবং হলিউডে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু তখন বিদেশি, বিশেষ করে লাতিনা অভিনেত্রীর জন্য হলিউডে প্রধান চরিত্র পাওয়া ছিল কঠিন। তার নিজের ভাষায়, অনেকেই তার হলিউডে বড় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে হাসাহাসি করতেন। তিনি সুযোগ খুঁজছিলেন অভিনয়ের। কিছু কাজের পরে তিনি ১৯৯৫ সালে 'ডেসপেরাডো' সিনেমায় অ্যান্টোনিও বান্দেরাসের বিপরীতে অভিনয় করে যুক্তরাষ্ট্রের দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। সালমা হায়েকের নির্দিষ্ট বার্ষিক আয় বা পারিশ্রমিকের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে নেই। তবে সেলিব্রিটি নেট ওর্থের তথ্যমতে জানা যায়, তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০০ মিলিয়ন ডলার।