সিডনিতে শাবনূর-তাসকিনের রাতভর আড্ডা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের সঙ্গে সেলফি তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুই ভিন্ন অঙ্গনের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে—তাসকিনের সঙ্গে শাবনূরের দেখা হলো কোথায়, কীভাবে? পেছনের গল্প জানতে যোগাযোগ করা হয় শাবনূরের সঙ্গে। জানা গেল, অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত এক ঘরোয়া বারবিকিউ আড্ডায় পরিবারসহ যোগ দিয়েছিলেন তাসকিন। অস্ট্রেলিয়া সফরে থাকা এ ক্রিকেটার গত শুক্রবার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে সেখানে যান। শাবনূরের সঙ্গে ছিলেন তার ভাই তমাল, বোন ঝুমুরসহ পরিবারের অন্য সদস্যরা। খাওয়াদাওয়া, গল্প আর হাসি-আনন্দে জমে ওঠা সেই আড্ডা গড়ায় ভোর চারটা পর্যন্ত।
শাবনূর জানালেন, তাসকিনের সঙ্গে তাদের পরিবারের পরিচয় নতুন নয়। বহু বছর ধরেই দুই পরিবারের মধ্যে চেনাজানা ও যোগাযোগ রয়েছে। বিশেষ করে তাসকিন ও শাবনূরের ভাই পূর্বপরিচিত। এবার সিডনিতে এসে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাসকিন। সেই সুযোগেই শাবনূরের ভাইয়ের বাসায় তাদের আমন্ত্রণ জানানো হয়।
আয়োজনটি ছিল একেবারেই পারিবারিক, ছিল না কোনো আনুষ্ঠানিকতা। দুই পরিবারের বড়দের পাশাপাশি সন্তানেরাও আনন্দে সময় কাটিয়েছে। শাবনূর বলেন, আমার ভাইয়ের বাসায় তাসকিনের পুরো পরিবারের দাওয়াত ছিল। আমাদের সবারও দাওয়াত ছিল। সেখানেই দারুণ আড্ডা হয়। ভোর চারটা পর্যন্ত আমরা সবাই মিলে খাওয়াদাওয়া করেছি, অনেক আড্ডা হয়েছে। আমাদের সন্তানেরাও খুব মজা করেছে। সেই আড্ডারই একটি মুহূর্ত ধরা পড়ে তাসকিনের তোলা সেলফিতে। পরে শাবনূর ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। শুধু ছবি নয়, তাসকিন ও তার পরিবারের সঙ্গে কাটানো সময়ের কথাও অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
