বেথলেহেম কুদুম্বা ইউনিট
২৩ কোটি রুপি ছবি ২৩৮ কোটি আয়
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

মালয়ালম ভাষায় দারুণ সাফল্যের পর এবার ভাষার গণ্ডি পেরিয়ে তামিল ও তেলেগু দর্শকের কাছে পৌঁছে গেল 'বেথলেহেম কুদুম্বা ইউনিট'। মালয়ালমে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি ৪ সেপ্টেম্বর তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। তামিলনাড়ুতে ২০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে অভিনেতা নিভিন পাওলি লিখেছেন, 'তামিলনাড়ুতে ২০০টির বেশি পর্দা! এবার উদ্?যাপন শুরু হোক।' তামিলনাড়ুতে সিনেমাটি পরিবেশনা করছে প্রাইমার্ক। অন্যদিকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় তেলেগু সংস্করণটি পরিবেশনা করছে মিথ্রি রিলিজেস।
মালয়ালম সংস্করণের সাফল্যের ওপর ভর করেই এ ভাষাগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাণিজ্যিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ২৩৮ কোটি রুপি আয় করেছে। মালয়ালম সংস্করণের সাফল্যের অন্যতম কারণ হিসেবে সিনেমাটির ভালো 'ওয়ার্ড অব মাউথ' প্রচারকে দেখা হচ্ছে। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে কেরালার বাইরে দর্শক বাড়ানোর চেষ্টা করছেন নির্মাতারা। তামিলনাড়ুতে একসঙ্গে ২০০টির বেশি পর্দায় মুক্তি পাওয়াকে তাই সিনেমাটির জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
'বেথলেহেম কুদুম্বা ইউনিট' মূলত রোমান্টিক কমেডি। সিনেমাটি পরিচালনা করেছেন গিরিশ এডি। এর আগে তিনি 'থান্নির মথন দিনাঙ্গাল', 'সুপার শরণ্যা' ও 'প্রেমালু'র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। গল্পের কেন্দ্রে আছে অ্যাশলি, চরিত্রটিতে অভিনয় করেছেন মামিথা বাইজু। কলেজপড়ুয়া অ্যাশলি পরিবারের সঙ্গে নতুন একটি এলাকায় বসবাস শুরু করে। সেখানেই তার পরিচয় হয় প্রতিবেশী জাস্টিনের সঙ্গে। জাস্টিন চরিত্রে আছেন নিভিন পাওলি। দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়। তবে এ সম্পর্কের গল্প একেবারে গতানুগতিক নয়। দুজনের মধ্যে রয়েছে বয়সের পার্থক্য। সেই বয়সের ব্যবধান, পারিবারিক সম্পর্ক এবং ছোট একটি এলাকার ঘনিষ্ঠ সামাজিক পরিবেশ—সব মিলিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
